কিশোরগঞ্জে রেলস্টেশন মাস্টারের কক্ষে দুর্ধর্ষ চুরি, মালামালসহ গ্রেফতার-১
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া কম্পিউটারসহ টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জামাদি সহ এক চোর কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ আগস্ট) ভোররাতে কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশনের এই চুরির ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শরীফ কটিয়াদী উপজেলার সহস্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার নামে থানায় একাধিক চুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়ের রুমের তালা ভেঙে টিকিট বিক্রির কাজে ব্যবহার করা কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন, টিকিট বিক্রির সরঞ্জামাদি সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে চুরির বিষয়টি জানতে পারেন রেলওয়ে কর্তৃপক্ষ। পরে খবর দেওয়া হয় জিআরপি থানায়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। উপজেলার সহস্রাম এলাকা থেকে সাইফুল ইসলাম শরীফ (৩২) নামে এক চোরকে আটক করে। এ সময় তার বসতঘর থেকে চুরি হওয়া কম্পিউটারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































